স্টাফ রিপোর্টার
অর্থের সংকট যেন মেধার পথে বাধা হয়ে না দাঁড়ায়—এই লক্ষ্যেই চাঁদপুরে ৫০ জন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে সমাজসেবা মন্ত্রণালয়। সদর ও হাইমচর উপজেলার এসব শিক্ষার্থীর প্রত্যেককে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা করে। সব মিলিয়ে শিক্ষা অনুদান হিসেবে বিতরণ করা হয়েছে ৫ লাখ টাকা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের মুনিরা ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ নজর দিয়েছেন।
তিনি বলেন, মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে যারা সামনে এগিয়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক দায়িত্ব। শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনে শিক্ষিত ও মেধাবী তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষার ব্যয় অনেক বেড়েছে। আর্থিক সংকটের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী কাঙ্ক্ষিত শিক্ষা চালিয়ে যেতে হিমশিম খায়। এ কারণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।
অনুদানকে কেবল আর্থিক সহায়তা হিসেবে না দেখে শিক্ষার্থীদের প্রতি সমাজ ও রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে অন্য অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যাশাও ব্যক্ত করেন।
চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ৫০ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা শিক্ষা অনুদান তুলে দেওয়া হয়।


