চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

চাঁদপুর বড় স্টেশন মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নষ্ট ও পচা ইলিশ মাছ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে আমীর হোসেনকে ৩ হাজার টাকা এবং সেলিম হাওলাদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় খাওয়া দাওয়া হোটেলকে ২ হাজার টাকা এবং আরফান হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা স্বেচ্ছায় পরিশোধ করেন।

অভিযানকালে জব্দ করা নষ্ট ও পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

এছাড়া অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।