স্টাফ রিপোর্টার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ আলিম মাদ্রাসার চারতলা ভবন নির্মাণে ধীরগতি, অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে দৈনিক শপথ পত্রিকায় সংবাদ প্রকাশের পর সরেজমিনে পরিদর্শন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের সহকারী প্রকৌশলী মাহাবুব মজুমদার।
গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তিনি মাদ্রাসাটির নির্মাণাধীন ভবন পরিদর্শন ও নির্মাণকাজ পর্যবেক্ষণ করেন। এ সময় নির্মাণকাজ তদারকি কমিটির সদস্য সচিব ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান, ভাইস প্রিন্সিপাল মো. মাইনুদ্দিন, ঠিকাদার কামরুল ইসলাম, সাব-ঠিকাদার মোহাম্মদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী ইলিয়াস খানসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করতে ঠিকাদারকে লিখিতভাবে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় সাইটে থাকা ৪২ ব্যাগ সিমেন্ট ওই দিনের মধ্যে অপসারণ, সাইটে থাকা ইট গাঁথুনির কাজে ব্যবহার না করা, চটের ব্যাগ দিয়ে ২১ থেকে ২৮ দিন কিউরিং করা, কলাম কিপর ব্যবহার না করে ভাইব্রেটর ব্যবহার এবং CEM-I সিমেন্ট ব্যবহারের কথা বলা হয়েছে। এছাড়া শিডিউল ও ড্রয়িং অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন করার জন্যও নির্দেশ দেওয়া হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের সহকারী প্রকৌশলী মাহাবুব মজুমদার বলেন, রামদাসেরবাগ আলিম মাদ্রাসার চারতলা ভবন নির্মাণকাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের পর সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়েছে। নির্মাণকাজে অনিয়মের বিষয়ে ঠিকাদারকে সতর্ক করা হয়েছে এবং শিডিউল ও ড্রয়িং অনুযায়ী কাজ করার জন্য লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী কাজ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


