স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার সাবেক মহিলা কমিশনার ও প্যানেল মেয়র লায়লা হাসান চৌধুরীর জানাজায় অংশ নিয়ে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহতরা হলেন—চাঁদপুর শহরের জে. এম. সেনগুপ্ত রোডের চাঁদ বক্স পাটোয়ারীর দুই কন্যার মধ্যে শামিমা আক্তার চম্পা (৬০), তার স্বামী ব্যবসায়ী লিটন (৭০), জানেমান বেগম বকুল (৬১) এবং তাদের ব্যক্তিগত গাড়িচালক দিনাজপুর জেলার পার্বতীপুরের মো. সোহেল (৩৫)।
এ ঘটনায় বেবি (৬২) গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায়, নিহত ও আহতরা লায়লা হাসান চৌধুরীর জানাজায় অংশ নিতে চাঁদপুরে এসেছিলেন। জানাজা শেষে একটি প্রাইভেটকারে করে ঢাকায় ফেরার পথে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকার হামদর্দ ল্যাবরেটরি ও হাসপাতালের সামনে হাইওয়ে সড়কসংলগ্ন ইউটার্নে বিকেল ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
এ সময় কুমিল্লাগামী নিউ ভালেশ্বর পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। বিভিন্ন মাধ্যমে জানা যায়, ঘটনাস্থলেই চারজন নিহত হন। অপর একজন গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে গজারিয়া থানায় নিয়ে যায়।


