স্টাফ রিপোর্টার
চাঁদপুরের আল-আমিন একাডেমির বর্তমান গভর্নিং বডি বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।
বোর্ডের ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক স্মারকে এ সিদ্ধান্ত জানানো হয়। স্মারকে বলা হয়েছে, আল-আমিন সোসাইটির মাধ্যমে আল-আমিন একাডেমি প্রতিষ্ঠায় অবদান না থাকা, একাডেমি প্রতিষ্ঠার পর সোসাইটির রেজিস্ট্রেশন হওয়া, অনুমোদন ছাড়া বাবুরহাট এলাকায় পৃথক ক্যাম্পাস স্থাপন, মূল ও মহিলা ক্যাম্পাসে অতিরিক্ত শ্রেণি শাখা পরিচালনা এবং অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করানোর অভিযোগে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
বোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়, অধ্যক্ষের দেওয়া কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় সংশ্লিষ্ট বিধিবিধানের আলোকে প্রতিষ্ঠানটির বর্তমান গভর্নিং বডি বাতিল করা হয়েছে।
একই সঙ্গে অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতির দায়িত্ব পালনের কথা জানানো হয়েছে। তিনি বিধি অনুযায়ী অ্যাডহক কমিটি গঠন করবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে নতুন গভর্নিং বডি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্বাক্ষরিত ওই স্মারকটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।


