জিলানী চিশতী কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের মানবিক মানুষ হওয়ার আহ্বান সোহেল রুশদী

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, কলেজ জীবনের প্রথম দিনটি সবসময় আকর্ষণীয় ও তাৎপর্যপূর্ণ। চাঁদপুর সদরের প্রথম বেসরকারি কলেজ হিসেবে জিলানী চিশতী কলেজ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারী শিক্ষার জন্যও প্রতিষ্ঠানটি একটি নিরাপদ ও মনোরম পরিবেশের শিক্ষা প্রতিষ্ঠান।

তিনি বলেন, ১৯৭০ সালে তাঁর দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী গ্রামে শিক্ষা প্রসারের লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এখান থেকে অনেক জ্ঞানী-গুণী শিক্ষার্থী বের হয়েছেন। বর্তমানে এ কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে এবং অনেকে দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

সোহেল রুশদী বলেন, এইচএসসি স্তর শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ সময়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। নিয়মিত ক্লাস, ক্লাস টেস্ট ও মডেল টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং প্রযুক্তিকে সঠিক কাজে ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, কলেজে আসা-যাওয়ার পথে কোনো শিক্ষার্থী ইভটিজিং বা হয়রানির শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সমাজ ও দেশের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।

তিনি জানান, নিয়মিত কলেজে উপস্থিতি ও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। ভালো ফলাফল করা বিষয়ের শিক্ষকদেরও পুরস্কৃত করা হবে। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস এবং শিক্ষার্থীদের মূল্যায়নে নিয়মিত পরীক্ষা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সোহেল রুশদী আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকও শিক্ষার উন্নয়নে কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।

কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী, নবীন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শুরুতেই প্রধান অতিথি সোহেল রুশদী নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান সভাপতির বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী।