স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে বালিথুবা (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদকে (৫০) আটক করা হয়েছে। আটককৃত ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের হাজী বাড়ির মীর হোসেনের ছেলে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ইচলি চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অভিযান চালিয়ে বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।


