ডেঙ্গু ঠেকাতে হোটেল-লঞ্চে পরিচ্ছন্নতার নির্দেশ

স্টাফ রিপোর্টার

ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

সভায় জেলা প্রশাসক বলেন, প্রতিটি হোটেলের সামনে নির্ধারিত স্থানে ময়লা ফেলার ঝুড়ি বা ড্রাম রাখতে হবে এবং প্রতিদিন তা পরিষ্কার করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন এবং কর্মীদের নির্ধারিত পোশাক পরানোর নির্দেশ দেন তিনি।

হোটেলের ভেতর ও বাইরের অংশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে ডেঙ্গু মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন জেলা প্রশাসক।

তিনি জানান, ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথভাবে অভিযান পরিচালনা করা হবে।

সভায় স্থানীয় সরকার চাঁদপুরের উপপরিচালক ও পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বাড়ৈ, বিআইডব্লিউটিএর মো. কামরুল ইসলাম, পরিবহন পরিদর্শক মো. মান্নানসহ হোটেল-রেস্তোরাঁ ও লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ডেঙ্গু প্রতিরোধে হোটেল, রেস্তোরাঁ ও নৌযান এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং মশার বংশবিস্তার রোধে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।