স্টাফ রিপোর্টার
শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের আয়োজনে প্রতিবছরের মতো এবারও চাঁদপুরে পিতৃ তর্পণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ভোর ৬টায় চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর ৫ নম্বর ঘাটে এ আয়োজন করা হয়।
শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের উৎসব উদ্যাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীরা পূর্বপুরুষদের আত্মার শান্তি ও তৃপ্তি কামনায় জল ও তিল নিবেদন করেন। তর্পণ উপলক্ষে ভক্তদের কাছ থেকে ৬০ টাকা করে প্রণামি নেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
পিতৃ তর্পণের আয়োজক ছিলেন গোবিন্দ সাহা। তাঁকে সহযোগিতা করেন রতন মিত্র, নারায়ণ মজুমদারসহ উৎসব উদযাপন কমিটির সদস্যরা।
হিন্দুধর্মীয় রীতি অনুযায়ী, তর্পণ হলো দেবতা, ঋষি ও পূর্বপুরুষদের উদ্দেশে জল ও তিল নিবেদনের মাধ্যমে তাঁদের স্মরণ ও সন্তুষ্টি কামনা করার একটি প্রথা। ‘তর্পণ’ শব্দের অর্থ তৃপ্তি। সাধারণত পিতৃপক্ষ ও মহালয়া উপলক্ষে এ আচার পালন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁদের আশীর্বাদ প্রার্থনা করা হয়।
চাঁদপুরে শ্রী শ্রী কালীবাড়ি মন্দির ছাড়াও গোপাল জিউর আখড়া, ইসকন মন্দির ও পুরান বাজার হরিসভা মন্দিরের উদ্যোগে ডাকাতিয়া ও মেঘনা নদীতে তিল তর্পণের আয়োজন করা হয়।


