মঠখোলা সার্বজনীন দুর্গোৎসব উদ্‌যাপন পরিষদের আয়োজনে তর্পণ অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়েছে গতকাল শুভ মহালয়ার মধ্য দিয়ে।

মহালয়ার এই পুণ্যতিথিতে পৌর ১৩ নং ওয়ার্ডে মঠখোলা সার্বজনীন দুর্গোৎসব উদ্‌যাপন পরিষদের আয়োজনে তর্পণ দান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পুরোহিত মধুসূদন আচার্যের মন্ত্রপাঠের মধ্য দিয়ে পিতৃপুরুষদের (পূর্বপুরুষ) উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন এবং জলদান তথা তর্পণ দান করেন সনাতনীরা।

এসময় ধর্মীয় বিধান অনুযায়ী স্নান করে শুদ্ধ হয়ে গায়ত্রী জপের মাধ্যমে তর্পণ অনুষ্ঠান শুরু করা হয়। এরপর দেবগণের উদ্দেশ্যে জলাঞ্জলি দেওয়ার পর দক্ষিণ মুখে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল মিশ্রিত জল অর্পণ করে প্রত্যেকের পিতা, পিতামহ ও প্রপিতামহসহ পিতৃপক্ষের পূর্বপুরুষ এবং মাতৃপক্ষের পূর্বপুরুষদেরও তর্পণ পাশাপাশি জানা-অজানা গুরুজন, আত্মীয়, বন্ধু, সুহৃৎ ও অন্যান্য প্রয়াত ব্যক্তিদের উদ্দেশ্যেও তর্পণ দান করেন সবাই।
এদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠ, শঙ্খধ্বনি, ভক্তিমূলক সংগীত ও পিতৃতর্পণের মধ্য দিয়ে বিদায় নিয়েছে পিতৃপক্ষ, সূচনা হয়েছে দেবীপক্ষের। মহালয়ার এই পুণ্য তিথিতে কৈলাস থেকে মর্ত্যে দেবী দুর্গার আগমনের বার্তা ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে।