স্টাফ রিপোর্টার
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগে সহনশীল দেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বাবুরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
দুর্যোগকালীন সময়ে জানমালের ক্ষয়ক্ষতি কমানো, অগ্নিকাণ্ড মোকাবিলা এবং ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বাস্তবভিত্তিক ধারণা তৈরি করাই ছিল এ মহড়ার মূল উদ্দেশ্য।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হলে কীভাবে দ্রুত ও নিরাপদে তা নিয়ন্ত্রণ করতে হয়, তা হাতে-কলমে প্রদর্শন করেন। পাশাপাশি বহুতল ভবনে অগ্নিকাণ্ড কিংবা ভূমিকম্পের সময় আটকে পড়া আহত ব্যক্তিদের আধুনিক উদ্ধার সরঞ্জামের সাহায্যে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরের কৌশলও তুলে ধরা হয়।
এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে পরিস্থিতি অনুযায়ী নিরাপদ পদক্ষেপ গ্রহণ, দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া এবং প্রয়োজনীয় সহায়তার জন্য ফায়ার সার্ভিসকে অবহিত করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান খান, চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস এবং বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন।
মহড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। মহড়া শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে শুধু প্রাতিষ্ঠানিক উদ্যোগ যথেষ্ট নয় বরং প্রতিটি পরিবার ও নাগরিকের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি থাকা জরুরি। নিয়মিত মহড়া, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে একটি দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।


