স্টাফ রিপোর্টার
চাঁদপুরে শতাধিক দুস্থ, অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় শহরের মুনিরা ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন তিনি। চেক বিতরণকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনারা এখনই এই চেক নিয়ে সোনালী ব্যাংকে যাবেন। ব্যাংক থেকে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আপনারা এই টাকা নিজেদের প্রয়োজনীয় কাজে লাগাবেন।
তিনি আরও বলেন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের সময়ে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আর্থিক সহায়তা পেয়েছেন, তারা যেন নিজেদের প্রয়োজন অনুযায়ী এই অর্থ সঠিকভাবে ব্যয় করেন, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। চেক নগদায়নের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে সংশ্লিষ্টদের অবহিত করার পরামর্শও দেন তিনি।
এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় গরীব ও দুস্থ মানুষের কথা চিন্তা করেন। অসহায় মানুষের কল্যাণে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে চেক পাওয়া উপকারভোগীরা তাদের প্রয়োজনীয় কাজে এই অর্থ ব্যয় করার আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজনে এ সহায়তা কাজে আসবে বলে আশা করা হচ্ছে। চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


