মতলব উত্তরে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার-৮

স্টাফ রিপোট

মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ চার মাদক কারবারি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আরও চার আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি কামাল পাটোয়ারী (৪২) ও মজিব প্রধানকে (৩০) ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া দুখু মিয়া (৩৮) ও ইব্রাহীমকে (৩০) ৯ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে পুলিশ।

একই অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে দুজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং নিয়মিত মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মতলব উত্তর উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।