ফরিদগঞ্জে চারটি বসতঘর আগুনে পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার

ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসতঘর ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় চল্লিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

১৬ অক্টোবর দুপুরে একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উভারামপুর দক্ষিণ পাটওয়ারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অগ্নিকাণ্ডে অটোচালক চান মিয়া, সূর্য মিয়া, দিনমজুর মো. স্বপন ও হাবিবের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এর মধ্যে বসতঘরে থাকা কোনো মালামাল বের করে নাপারায় ঘরে থাকা সব পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট, রান্নার চুলা কিংবা অন্য কোনো উপায়ে আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত নিশ্চিত না। ‘অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘর পুড়ে যায়। পরিবারগুলো এখন অসহায় হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি এলাকায় বসবাস করি, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এ কারণে প্রত্যন্ত এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।’

ক্ষতিগ্রস্ত অটোচালক চান মিয়া, সূর্য মিয়া, দিনমজুর স্বপন ও হাবিব বলেন, ‘শুক্রবার দুপুরে আমরা নামাজ পড়তে যাওয়ার পর কোনো এক সময় বাড়িতে আগুন লাগে। নামাজ শেষে বাড়িতে ফিরে এসে দেখি আমাদের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ সবকিছু পুড়ে গেছে।’ ঘর থেকে কিছু সেভ করে পারিনাই। আগুনের সূত্রপাত কীভাবে তাও বুঝছেন না।
ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। সেখানে গিয়ে দেখতে পাই, একই বাড়ির চার পরিবারের চারটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তাদের সহায়তায় স্থানীয় প্রশাসনসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।