স্টাফ রিপোর্টার
শাহরাস্তিতে মাদক নির্মূল ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শাহরাস্তি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিয়াম ল্যাবরেটরি স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী র্যালিটি অনুষ্ঠিত হয়। এতে শাহরাস্তি থানায় কর্মরত পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ২০০ থেকে ৩০০ জন অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তারা।


