স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেছেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ আহমেদ।
গতকাল শুক্রবার বেলা ১টার দিকে তিনি শহরের শ্রীশ্রী কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পরিদর্শন খাতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মন্তব্য লিপিবদ্ধ করেন।
পরিদর্শনকালে ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, “আমি শহরের প্রতিটি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছি। আমরা চাই, সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হোক। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।
আজ থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে, যা আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। পূজা উদ্যাপন শেষ না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করে যাবেন। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটলে আমাকে অবহিত করবেন। এ ধরনের ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) লিটন চাকমা, মন্দির পরিচালনা কমিটির সদস্য রতন মিত্র, শিবু, অজয় মজুমদার, সুভাষ সাহাসহ আরও অনেকে।


