স্টাফ রিপোর্টার
চাঁদপুরে প্রতারণা মামলায় দুই আসামীর জামিন নাঞ্জুর করার আনন্দে আদালতের ভেতরেই খুশিতে হাততালি দেন বাদী। এতে আদালত অবমাননা হওয়ায় জামিন মঞ্জুর না হওয়া দুই আসামীর সাথে বাদিরও ঠাঁই হলো শ্রীঘরে। এমন কাণ্ড ঘটেছে রোববার দুপুরে চাঁদপুর আদালতে।
আদালত সূত্র জানায়, প্রতারণার মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল (৪৫) ও তার বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী (৬৫) কে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ১৮ অক্টোবর রোববার বিকালে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এ আদেশ দেন। সি/ডব্লিউ মূলে (কাস্টডি ওয়ারেন্ট মূলে) সিআর ৬৩৫/২০২৬ নং মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়।
এসময় আদেশ শুনা মাত্রই মামলার বাদী মো. কবির হোসেন লিটন আদালতে খুশিতে হাতে তালি দিলে তাকেও আদালত অবমাননার দায়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক।
একাধিক সিআর ও জিয়ার মামলার বাদী মো. কবির হোসেন লিটন এ মামলায় অভিযোগ করা হয়, হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে দোকান ক্রয় বাবদ ৪২ লাখ টাকা নেয়া হলেও বাদীকে দোকান বুঝিয়ে দেয়া হয়নি এবং টাকাও ফেরত দেয়া হয়নি। এ ঘটনায় বাদী আদালতে ৪০৬ ও ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের করেন।
আদালতে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসান হাবিব এবং বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা।
এদিকে আদেশ ঘোষণার পর আদালত কক্ষে বাদী খুশিতে হাততালি দিলে বিচারক তা আদালত অবমাননা হিসেবে গণ্য করে বাদীকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
একই দিন আসামি পক্ষের আইনজীবীরা উক্ত আদালতে জামিন চাইলে বিচারক তা প্রত্যাখ্যান করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ বহাল রাখেন।


