চাঁদপুর গণপূর্তের নতুন নির্বাহী প্রকৌশলী জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার

অবশেষে বদলি করা হয়েছে চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটোকে। তাকে বরগুনা গণপূর্ত বিভাগে পদায়ন করা হয়েছে। তার স্থলে চাঁদপুরে দায়িত্ব পেয়েছেন লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. জাহিদ হাসান। তবে দুজনকেই চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (১) মো. খালেকুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। গত ১৫ অক্টোবর জারি করা এ আদেশে বিসিএস (গণপূর্ত) ক্যাডারের নির্বাহী প্রকৌশলী (সিভিল) পদমর্যাদার কর্মকর্তাদের জনস্বার্থে বদলি ও পদায়নের কথা উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে স্থানীয় ব্যবস্থায় বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৯ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য করা হবে।স্মারক নম্বর: ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৩.২৪-১৪৬৭।

২০২৪ সালের ৩ এপ্রিল চাঁদপুর গণপূর্ত বিভাগে যোগদান করেন নাসিম আহমেদ টিটো। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট আদেশের পর তিনি এ কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন।