স্টাফ রিপোর্টার
এইচএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ফল ঘোষণা হতে যাচ্ছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০০১ সালে আমরা দায়িত্ব পাওয়ার পর ২০০২ সালের জানুয়ারিতে বই দিয়েছিলাম। সেই ধারাবাহিকতা আমরা ধরে রেখেছিলাম ২০০৬ সাল পর্যন্ত। আবার আমরা এসেছি। যথাসময়ে এবার ২৭ যাবে না, ২৬ এর ভেতরে বই বিতরণ হয়ে যাবে।’তিনি আরও বলেন, ‘বইয়ের যে কোয়ালিটি, সে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ হবে না। সুন্দর বই আমরা কোমলমতি শিক্ষার্থীদের পৌঁছে দেব।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান প্রমুখ।
এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যারিয়ার ও চাকরিমেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়।


