জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. মাসুদ হোসেন

স্টাফ রিপোর্টার

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে কলেজ শাখায় গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. মাসুদ হোসেন। জাতীয় পর্যায়ে এ অর্জনে গর্বিত চাঁদপুর সরকারি মহিলা কলেজের সকলে।

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রফেসর ড. মো. মাসুদ হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমানসহ কলেজের শিক্ষক ও কর্মচারীরা।

শিক্ষকতা, গবেষণা ও জ্ঞানচর্চায় দীর্ঘদিনের নিষ্ঠা, মেধা ও অবদানের স্বীকৃতি হিসেবে এ অর্জনকে তাঁর শিক্ষকতা জীবনের অনন্য সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রফেসর ড. মো. মাসুদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে ‘Analysis of Regional Disparity of Poverty in Bangladesh’ শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর প্রায় ২০টি গবেষণাধর্মী ও সৃজনশীল প্রকাশনা রয়েছে।

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ) সম্মাননা অর্জন করেন। এছাড়া ২০১৯, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ) নির্বাচিত হন। কলেজে কর্মক্ষেত্রে অবদানের জন্য ২০২১ সালে চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে এপিএ পুরস্কার এবং ২০২২ সালে শুদ্ধাচার পুরস্কার লাভ করেন।

ড. মো. মাসুদ হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ফরিদগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে তিনি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও এনজিওতে কাজ করেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কর্মসূচি সমন্বয়কের দায়িত্ব পালনকালে ২২তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস (শিক্ষা সাধারণ) ক্যাডারে যোগ দেন। ভোলা সরকারি কলেজের ভূগোল বিভাগে তাঁর প্রথম কর্মস্থল। পরে প্রেষণে মুন্সিগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত হয়ে ডেপুটেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন। পিএইচডি সম্পন্ন করে ২০১৩ সালের মার্চ মাসে চাঁদপুর সরকারি মহিলা কলেজে যোগদান করেন। এরপর থেকে তিনি এ কলেজে কর্মরত রয়েছেন।

চাঁদপুর সরকারি মহিলা কলেজে দায়িত্ব পালনকালে তিনি একাডেমিক ক্যালেন্ডার ও সিটিজেন চার্টার প্রণয়ন, কলেজের ওয়েবসাইট আপডেট, ভর্তি কার্যক্রম অনলাইনকরণ, উচ্চ মাধ্যমিকের ফলাফল সফটওয়্যারের মাধ্যমে প্রকাশ এবং কম্পিউটার প্রশিক্ষণ পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অবদান রাখেন।

এছাড়া বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের সিইডিপি-আইডিপি প্রকল্পের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালনকালে কলেজের শিক্ষাদান ও শেখার পরিবেশ উন্নয়নে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি, স্মার্ট বোর্ড স্থাপন এবং পুরো ক্যাম্পাসকে নেটওয়ার্কের আওতায় আনার কাজে ভূমিকা রাখেন। পাশাপাশি এপিএ কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার পর প্রফেসর ড. মো. মাসুদ হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ‘শিক্ষক সম্মাননা পদক ২০২৬’ ও সনদ গ্রহণ করেন।

বিভাগীয় ও জেলা পর্যায়ে ধারাবাহিক সাফল্যের পর জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।