স্টাফ রিপোর্টার
রাজধানীর কুর্মিটোলা গলফ কোর্সে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’। তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে দেশি-বিদেশি গলফারসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের ৬৫০ জনের বেশি গলফার অংশ নিচ্ছেন।
শুক্রবার সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) অবসরপ্রাপ্ত মেজর মো. আরমান আলী ভূঁইয়াসহ কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যদের পাশাপাশি দেশের বিভিন্ন গলফ ক্লাবের গলফাররা অংশ নিচ্ছেন। এ আয়োজনের মধ্য দিয়ে গলফ খেলায় পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়াচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আগামী ২৫ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।


