মতলব উত্তরে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি রামদা, তালা কাটার যন্ত্র, চারটি লোহার রড ও চারটি কালো কাপড়ের মুখোশ উদ্ধার করা হয়েছে।

রোববার বিশেষ অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানা পুলিশ। উপজেলার গাজীরগাছখলা গ্রামের সাইফুল ইসলাম মোল্লার বাড়ির সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের ৩৯ বছর বয়সী মহসিন এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামের ২৮ বছর বয়সী মো. সোহেল।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা তিনটি কাঠের বাটযুক্ত রামদা, একটি তালা কাটার যন্ত্র, চারটি লোহার রড এবং চারটি কালো কাপড়ের মাঙ্কি ক্যাপ বা স্কি মাস্ক উদ্ধার করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে এবং তাদের পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।