মতলব দক্ষিণে দেওয়ান বাড়িতে অগ্নিকাণ্ড

মতলব দক্ষিণ প্রতিনিধি :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দেওয়ান বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল ৫ টার দিকে হঠাৎ রান্নাঘরে আগুন ধরে যায়। স্থানীয়দের ধারণা, চুলার আগুন থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং কাঠ ও বাঁশ দিয়ে তৈরি রান্নাঘরটি দাউ দাউ করে জ্বলতে থাকে। তবে সাহসিকতার সঙ্গে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

ঘটনাস্থলে পরে ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের চৌরাস্তা সংলগ্ন দেওয়ান বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বাড়ির মালিক ইসমাইল দেওয়ানের পরিবার আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনায় কেউ হতাহত না হলেও রান্নাঘরের কাঠামো ও ভেতরের জিনিসপত্র পুড়ে গেছে। এদিকে, মতলব দক্ষিণে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।