চাঁদপুর মাসব্যাপী কুটির শিল্প প্রদর্শনী

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরে প্রেসক্লাবের ব্যবস্থাপনায় শুরু হয়েছে মাসব্যাপী কুটির শিল্পের প্রদর্শনী। দেশীয় ঐতিহ্য, হস্তশিল্প ও গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে এই মাসব্যাপী কুটির শিল্পের প্রদর্শনীর আয়োজন করা হয় ।

রোববার সকালে চাঁদপুর প্রেসক্লাব মাঠ প্রাঙ্গণে এ প্রদর্শনীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন চাঁদপুর জেলা বি এন পির সাধারন  সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, রহিম বাদশা, প্রেসক্লাবের সিনিয়র সদস্য আলম পলাশ, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভনসহ প্রেসক্লাবের নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম   বলেন, প্রতিটি ঘরে ঘরে যেন কুটির শিল্প গড়ে ওঠে- সে বিষয়ে আমাদের সবাইকে  অনুগত থাকতে হবে। প্রেসক্লাবের উদ্যোগে শুরু হওয়া এই কুটির শিল্প প্রদর্শনী আরও প্রসার লাভ করুক এবং দেশীয় শিল্পকে সমৃদ্ধ করার মাধ্যমে এর ব্যবহার বৃদ্ধি পাক।

তিনি আরও বলেন, কুটির শিল্প আমাদের পুরোনো ঐতিহ্যবাহী শিল্প। এটি মূলত দেশীয় পণ্য ও হস্তশিল্পভিত্তিক একটি শিল্পখাত। এই শিল্পকে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে হবে এবং এর ব্যবহার বাড়াতে হবে। কুটির শিল্পের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি সম্ভব। নিয়মিত এর ব্যবহার ধরে রাখতে পারলে প্রতিটি ঘরেই এ শিল্পের বিকাশ ঘটবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে চাঁদপুর প্রেসক্লাবের নতুন ভবনের কার্যক্রম পরিদর্শন করেন চাঁদপুর জেলা বি এন পির সাধারন  সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। এ সময় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।