জাহিদ নয়ন
মাঝখানে দিয়েছি অনেক পথ পাড়ি
মনের বেখেয়ালি ইচ্ছায়
সময়ের বাহন যে কতদূর এলো করিনি খেয়াল!
সব যাচ্ছে পেছনে;
ইচ্ছে, স্বপ্ন, অবদমিত অভিযান
অধরা সম্মোহনের টানে
অলীক সুখের নাগাল পেতে ছুটে চলার এক যাত্রা।
অবচেতনেই হারিয়ে খুঁজি সেই স্বর্ন সময়
খুঁজি ঘাস ফড়িঙ, টলমলে পুকুর
আগুন রোদে পোড়া হীরন্ময় দুপুর!
খুঁজি বুনো সবুজের হৃদপিন্ড মাতাল
খুঁজি অপার্থিব ভরসার আঙুল।
নিখাদ স্বর্গের মত
অদ্ভুত মায়ার মত
অধরা ছায়ার মত
আমার শৈশব খুঁজি পাথুরে এক সময়ের আয়নায়।


