স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
গ্রামীণফোন কোম্পানীর শুভ সরকার (৩২) নামে এক বিক্রয় প্রতিনিধিকে নেশাজাতীয় দ্রব্য নাকে দিয়ে অজ্ঞান করে তার সাথে থাকা নগদ প্রায় ১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী চক্রের সদস্যরা। গত সোমবার দুপুর আনুমানিক ১টায় শহরের মিশন রোড রেলক্রসিংয়ের পশ্চিমে বালুর মাঠে এই ঘটনা ঘটে। ঘটনার পর শুভ সরকার বালুর মাঠে অচেতন অবস্থায় পড়েছিলো।
ঘটনার সময় ছিনতাইকারী সদস্যরা তার সাথে থাকা গ্রামীণফোনের নতুন কয়েকটি সীমকার্ড ও তার ব্যবহৃত বাইসাকেল নিয়ে যায়। শুভ সরকার শহরের ঘোষপাড়া ঘোষবাড়ির সুনিল সরকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন গ্রামীণফোন কোম্পানী চাঁদপুর সদর এলাকার পরিবেশক তৌসিফ এন্ড তৌহিদ এন্টার প্রাইজের ম্যানেজার মোঃ তামীম।
তিনি বলেন, শুভ সরকার আমাদের প্রতিষ্ঠানের অধীনে বিক্রয় প্রতিনিধি হিসেবে গ্রামীণফোনের লোড ও কার্ড বিক্রয় করতেন। দুপুর ২টায় আমাদেরকে মিশন রোড এলাকার গ্রাহক রুবেল জানান শুভ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের ধারণা তার কাছে সোমবারের উত্তোলনকৃত প্রায় ১লাখ টাকা কিংবা তারও বেশি ছিল। এই ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ করবো। তার কাজের এলাকা হচ্ছে- শহরের মিশন রোড, বটতলা, নিউ ট্রাক রোড, পালপাড়া, রহমতপুর কলোনী ও ইচুলী এলাকা।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপ্লব সরকার জানান, শুভ নামের ওই যুবককে নেশা জাতীয় দ্রব্য নাকে দিয়ে অথবা খাওয়ানোর কারণে অজ্ঞান হয়ে পড়ে। সচেতন হতে কিছুটা সময় লাগবে।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক মীরকে ঘটনাটি জানানো হলে তিনি বলেন, আমাদের কাছে কেউ এই ঘটনা জানায়নি। পরিবেশকের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে তাৎক্ষণিক ঘটনাটি তদন্তসহ ব্যবস্থা গ্রহণ করা হবে।


