ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের সমর্থিত উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (৬ জুন) বিকেলে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকে মামলার বাদী আওয়ামী লীগ নেতা আবুল খায়ের পাটওয়ারীকে গ্রেফতার এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের অপসারণের জোরালো দাবি জানানো হয়েছে।
শনিবার বিকেলে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি ফরিদগঞ্জ বাজারের মূল সড়কগুলো প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবির সভাপতি জাহাঙ্গীর আলম নান্টুর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন— উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম নজু পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন সিপন এবং সাবেক পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।
সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত ৩১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির সময় উপজেলা চত্বরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে। পুলিশ সেই হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো আওয়ামী লীগের লোক আবুল খায়ের পাটওয়ারীকে দিয়ে আমাদের শান্তিকামী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করানো হয়েছে।” তারা অবিলম্বে মামলার বাদী আবুল খায়ের পাটওয়ারীকে গ্রেফতার এবং মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
বক্তারা আরও অভিযোগ করেন, নিজেদের ওপর হামলার ঘটনার পরও উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দেওয়ায় পুলিশের ভূমিকা চরম বিতর্কিত ও পক্ষপাতমূলক। এই ঘটনার দায়ে তারা ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিনের অবিলম্বে অপসারণ দাবি করেন। সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওসির অপসারণ না করা হলে ফরিদগঞ্জে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


