ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসর কর্তৃক চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৮ জুন ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে থানার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু। এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা এম এম টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস ছবুর রুবেল, বিএনপি নেতা মানিক পাটওয়ারী, পৌর যুবদল নেতা শাওন পাঠান, তারেক পাটওয়ারী এবং ছাত্রদল নেতা আশিকুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতাকর্মীদের হয়রানি করতে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এই মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালনকে কেন্দ্র করে গত ৩১ মে (রোববার) বিকেলে ফরিদগঞ্জে সংঘর্ষ ও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় আহত স্বতন্ত্র এমপি এম এ হান্নানের সমর্থক মেহেদি হাসান রনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ফরিদগঞ্জ থানায় দায়ের করা ওই মামলায় (মামলা নং- ৩, তারিখ: ২ জুন ২০২৬) ধানের শীষ প্রার্থীর সমর্থক, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রাজু পাটওয়ারীকে প্রধান আসামি করা হয়েছে। একই সাথে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীকেও এই মামলায় আসামি করা হয়, যার প্রতিবাদে আজ এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো।


