মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে ফরিদগঞ্জ থানার সামনে মানববন্ধন

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফরিদগঞ্জ থানার সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার, প্রকাশ্যে মাদকসেবীদের বেপরোয়া আনাগোনা এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আজ সোমবার (৮ জুন) দুপুরে ফরিদগঞ্জ থানার সামনের সড়কে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সর্বস্তরের ভুক্তভোগী বাসিন্দারা এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন আতিক খান, রিমা আক্তার, শাহআলম খান, আব্দুল হাই মুন্সি এবং মুক্তা বেগম।

বক্তারা অভিযোগ করেন, শিক্ষা ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের একটি নির্দিষ্ট পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সিন্ডিকেট চালাচ্ছে। সম্প্রতি ওই পরিবারের দুই সদস্য মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও জামিনে মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েছে। এই মাদক ব্যবসার প্রতিবাদ করলে স্থানীয় সাধারণ মানুষকে মারধর, হত্যা ও গুমের হুমকি দেওয়া হচ্ছে বলেও তারা দাবি করেন।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদকের এই ভয়াল থাবা থেকে তরুণ ও ছাত্র সমাজকে রক্ষা করতে হলে চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা ছাড়া কোনো বিকল্প নেই। তারা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান সবসময় চলমান রয়েছে। এলাকাবাসীর অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে খুব দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”