হাজীগঞ্জে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার

হাজীগঞ্জে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা পরিষদ চত্বর ও পৌরসভা ভবন এর আশেপাশে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন, হাজীগঞ্জের উদ্যোগে এবং বাংলাদেশ স্কাউটস হাজীগঞ্জ উপজেলা শাখার সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান ও নিজস্ব হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন উপজেলা নির্বাহী (ইউএনও) মোঃ ইবনে আল জায়েদ হোসেন। এছাড়াও উপজেলা ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ স্কাউটসের সদস্য ও স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

কর্মসূচিজুড়ে উপজেলা পরিষদের আশপাশে জমে থাকা আবর্জনা পরিস্কার, মশার বংশবৃদ্ধি রোধে ঝোপঝাড় কাটা এবং মশক নিধন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু মশার লার্ভা যাতে বংশবৃদ্ধি করতে না পারে সে জন্য নিচু জমি, ফুলের টব বা যেকোনো জায়গায় পানি জমে থাকা রোধ করতে হবে। নিজেদের আশপাশ পরিস্কার রাখার পাশাপাশি সকলকে নিজ নিজ বাসা-বাড়ি ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানানো হয়।