স্টাফ রির্পেোটার:
ডিজিটাল যুগে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ শীর্ষক ওরিয়েন্টেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর শহরের বার্গার ওভারলোডেড রেস্টুরেন্টে উন্নয়ন সহযোগী সংস্থা প্রত্যাশীর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচির অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রকল্পটির সামগ্রিক পরিচালনা ও কারিগরি সহযোগিতায় রয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।
আয়োজক সূত্রে জানা যায়, মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার এবং অনলাইন সুরক্ষার প্রসারে তরুণ সমাজকে সম্পৃক্ত করতে দেশের আটটি নারী অধিকারভিত্তিক সংগঠন (ডব্লিউআরও) ‘স্বাধীনতা’ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। এর অংশ হিসেবে প্রত্যাশী চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় প্রকল্পটির কার্যক্রম পরিচালনা করছে।
ওরিয়েন্টেশনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রায় ৩০ জন তরুণ-তরুণী ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে যৌথভাবে সেশন পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেইনার আতিক মোহাম্মদ রাহাদ ও মাহমুদা আক্তার।
দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ডিজিটাল নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা, ফ্যাক্ট চেকিং এবং দায়িত্বশীল অনলাইন আচরণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
কর্মশালার আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল— ভুল তথ্য (মিসইনফরমেশন), অপতথ্য (ডিসইনফরমেশন) ও বিদ্বেষপ্রবণ তথ্য (হেইট স্পিচ) সম্পর্কে মৌলিক ধারণা এবং ভুয়া তথ্য শনাক্ত করার উপায়; ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ; পাশাপাশি প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধে সচেতনতা সৃষ্টি।
প্রোগ্রামে অংশগ্রহণমূলক আলোচনা, বাস্তব উদাহরণ উপস্থাপন এবং বিভিন্ন টিমওয়ার্কভিত্তিক কার্যক্রমের আয়োজন করা হয়। এসব কার্যক্রম অংশগ্রহণকারীদের নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়ার দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, তরুণদের জন্য একটি নিরাপদ, সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গড়ে তোলা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


