নাটকীয় জয়ে ফাইনালে কেশাইরকান্দি

স্টাফ ‍রির্পোটার:

মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় উপজেলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে ফাইনালে জায়গা করে নিয়েছে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব।

রোমাঞ্চকর এ ম্যাচে ইমামপুর ক্রীড়া চক্রকে ২-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করে দলটি।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে ইমামপুর ক্রীড়া চক্র ১-০ গোলে এগিয়ে যায়। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব পরপর দুটি গোল করে ম্যাচে সমতা ফেরানোর পাশাপাশি জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কেটে নেয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার। তিনি খেলাধুলার প্রসারে এ ধরনের আয়োজনের প্রশংসা করে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

ম্যাচে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ইব্রাহিম খলিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমু সরকার। খেলার সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূরনবী মোল্লা।

ম্যাচটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। এ সময় মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী দলের সমর্থকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। এখন টুর্নামেন্টের ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারণ হবে দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের মাধ্যমে।