১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

স্টাফ রির্পোটার:

চাঁদপুর জেলা শহরের বড় স্টেশন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর এই সফল অভিযান পরিচালনা করে।

বুধবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে চাঁদপুর সদর থানাধীন বড় স্টেশন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় এক ব্যক্তির চলাচল সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি করেন। পরে তার সাথে থাকা ট্রলি লাগেজ ও ব্যাগ থেকে আনুমানিক ৪ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা জব্দ করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারির নাম মোঃ শামীম মোল্লা (২৬)। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দাক্ষিণ ফুকরা গ্রামের কদম আলী মোল্লার ছেলে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, চাঁদপুরসহ উপকূলীয় অঞ্চলে ভয়াবহ মাদকের বিস্তার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এই ধরনের আপসহীন ও বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।