চাঁদপুরে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী মানববন্ধন

স্টাফ রির্পোটার:

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এবং প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় চাঁদপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’-এর পাদদেশে (লেকের পাড়ে) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সভাপতি মাসুদ হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “মাদক বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা। এ সমস্যা মোকাবিলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একজন মানুষের মাদকের প্রতি আসক্তি অনেক সময় ধূমপান থেকেই শুরু হয়। তাই ধূমপান প্রতিরোধে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি প্রতিটি পরিবারকে সচেতন করে তুলতে কাজ করছি।”

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, **”মাদক শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে। চাঁদপুর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। আমাদের লক্ষ্য—চাঁদপুরে হয় মাদক থাকবে, নইলে পুলিশ থাকবে। এই প্রত্যয় নিয়ে প্রতিদিন চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে জেলায় কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর স্থান না থাকে।”**

এছাড়া বক্তব্য দেন সুজন চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান, সমাজসেবক রাসেল খন্দকারসহ অন্যান্য অতিথিরা। বক্তারা মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধন শেষে অতিথিরা চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং ‘অঙ্গীকার’ ভাস্কর্য সংলগ্ন রেললাইন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় পরিবেশ সংরক্ষণ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।