গাছ কাটার অভিযোগ, থানায় মামলা-আবেদন

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নে ক্রয়কৃত জমি থেকে জোরপূর্বক ২৪টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেশরাঙ্গা গ্রামের হাসির বাড়ির বাসিন্দা প্রবাসী মোহাম্মদ আলী হোসেন কয়েক বছর আগে আবুল বাশারের কাছ থেকে ১০ শতক জমি ক্রয় করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, জমি কেনার পর থেকে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তবে পরবর্তীতে একই এলাকার এমদাদ হোসেন ওই জমি দখলের চেষ্টা করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, জমির মালিকানা নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে দলিল অনুযায়ী জমির মালিকানা মোহাম্মদ আলী হোসেনের বলে প্রমাণিত হয় বলে তাদের দাবি।

অভিযোগে আরও বলা হয়, গত ২৭ জুন সকালে এমদাদ হোসেন ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি ওই জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ছোট-বড় ২৪টি গাছ কেটে ফেলেন। এতে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। পাশাপাশি জমির মালিকের পরিবারকে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মোহাম্মদ আলী হোসেনের পিতা আব্দুল কাদের শাহরাস্তি থানায় এমদাদ হোসেন, রবিউল হোসেন ও শাহজাহানকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী আব্দুল কাদের বলেন, “আমার ছেলে চার বছর আগে জমিটি ক্রয় করেছে। তখন থেকেই আমরা জমি ভোগদখল করছি। সম্প্রতি আমাদের জমির গাছ কেটে ফেলা হয়েছে এবং বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমরা পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।”

শাহরাস্তি থানায় অভিযোগ পাওয়ার পর উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনাস্থলে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত এমদাদ হোসেনের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

ভুক্তভোগী পরিবার বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।