কচুয়ায় বৃদ্ধার গলা কেটে মালামাল লুট ॥ ঘাতক আটক

স্টাফ রিপোর্টার

কচুয়ায় গভীর রাতে সিদ কেটে ঘরে ঢুকে চুরি করতে গিয়ে বাধা পাওয়ায় ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে নির্মমভাবে হত্যা করেছে অজ্ঞাতনামা চোর। রোববার (২৯ জুন) ভোরে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত ফাতেমা বেগম ওই এলাকার মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।
তবে বৃদ্ধা ফাতেমা হত্যাকাণ্ডের ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে নিহতের ঘর থেকে লুট হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি হলো ইয়াসিন মিয়াজী (২২)। সে একই গ্রামের মিয়াজী বাড়ির মো. বগু মিয়াজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৯টা থেকে রোববার ভোর ৪টার মধ্যে কোনো এক সময়ে চোর চক্রটি কৌশলে বসতঘরের দেয়াল সিদ কেটে ভেতরে প্রবেশ করে। মালামাল লুট করার সময় বৃদ্ধা ফাতেমা বেগম বিষয়টি টের পেয়ে চোরদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে চোরেরা বৃদ্ধার থুতনি ও নাকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর জখমের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। পরে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ঘাতকরা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে পুলিশ সুপারের নির্দেশনায় তদন্তে নামে কচুয়া থানা পুলিশ। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নেতৃত্বে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেনসহ পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত মো. ইয়াসিন মিয়াজীকে (২২) গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ইয়াসিন ওই গ্রামের মিয়াজী বাড়ির মো. বগু মিয়াজীর ছেলে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ইয়াসিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া স্বর্ণালংকার তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় কঠোর তৎপরতায় দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার সম্ভব হয়েছে পুলিশ। কচুয়ায় কোনো অপরাধী পার পাবে না; অপরাধ দমনে পুলিশ সব সময় সজাগ ও কঠোর অবস্থানে রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে জানান তিনি।