লাইসেন্স ছাড়া ভিটামিন উৎপাদন, ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রির্পোটার:

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইসেন্স ছাড়া গবাদিপশুর ভিটামিন প্রস্তুতের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের মহামায়া বাজার ও কুমারডুগী মাজার গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইসেন্স ব্যতীত গবাদিপশুর ভিটামিন প্রস্তুত করার অপরাধে এ পি এগ্রোভেট-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া উৎপাদন কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

এছাড়া নিয়মিত তদারকির অংশ হিসেবে এলাকার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

অভিযানে প্রাণিসম্পদ অধিদপ্তর, চাঁদপুর জেলা অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা বিপ্লব কুমার দে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।