মাদক ও কিশোর গ্যাং নির্মূলে নতুন এসপির কড়া হুঁশিয়ারি

স্টাফ রির্পোটার:

চাঁদপুর জেলাকে অপরাধমুক্ত ও শান্তিময় করতে এবং শহরের তীব্র যানজট নিরসনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। সভায় তিনি মাদক, কিশোর গ্যাং এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।

চাঁদপুর শহর মাদকের থাবায় জর্জরিত উল্লেখ করে নবাগত পুলিশ সুপার বলেন, জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের মূল উৎপাটন করতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে এবং এই চক্রের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

নবাগত পুলিশ সুপার স্পষ্ট জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে চাঁদপুরে কিশোর গ্যাংয়ের সকল অপতৎপরতা পুরোপুরি নিয়ন্ত্রণ করা হবে। সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া তরুণদের বাইরে আড্ডা দেওয়া বন্ধ করতে হবে। রাস্তায় বা মোড়ে আড্ডা দেওয়া, মোবাইল গেম খেলা বা অনলাইন জুয়ায় লিপ্ত অবস্থায় কাউকে পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের আটক করা হবে।

চাঁদপুর শহরের প্রধান সমস্যা যানজট কমাতে বিশেষ কার্যক্রম শুরু করছে জেলা পুলিশ। বিশেষ করে কালীবাড়ী ও পুরান বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হবে । একই সাথে শহরে চলাচলকারী সকল অবৈধ অটো ও সিএনজিকে আইনের আওতায় এনে যানজট পুরোপুরি নির্মূল করা হবে ।

যারা রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে । সাধারণ মানুষের এবং পথচারীদের চলাচলের পথ সুগম করতে ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হবে।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, “সকলের সম্মিলিত সহযোগিতায় চাঁদপুর শহরকে অপরাধমুক্ত, মাদকমুক্ত এবং একটি শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।” জেলাজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আন্তরিক তথ্য ও সহযোগিতা কামনা করেন।