স্টাফ রির্পোটার:
চাঁদপুরের মতলব উত্তর থানা থেকে মাত্র কয়েক গজ দূরে থানা রোড এলাকায় অবস্থিত দুটি জ্বালানি তেলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে পিকআপ ভ্যানে করে দোকানের সামনে রাখা কয়েক ব্যারেল ডিজেল ও মবিল নিয়ে পালিয়ে যায় চোরের দল। এ ঘটনায় দুই ব্যবসায়ীর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ছেংগারচর বাজারের থানা রোডে অবস্থিত বিসমিল্লাহ মেশিনারিজ ও ঢালী মেশিনারিজ নামের দুটি দোকানে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. অলি উল্লাহ জানান, বুধবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত আনুমানিক আড়াইটার দিকে একদল চোর একটি পিকআপ ভ্যান নিয়ে এসে দোকানের সামনে রাখা কয়েকটি ডিজেলের ব্যারেল গাড়িতে তুলে নিয়ে যায়। একই সময়ে পাশের ঢালী মেশিনারিজ দোকানের সামনেও রাখা ডিজেলের ব্যারেল চুরি করে নিয়ে যায় তারা।
তিনি আরও জানান, দুটি দোকান থেকে মোট তিন ব্যারেল ডিজেলসহ বিভিন্ন জ্বালানি তেল চুরি হয়েছে। চুরি হওয়া তেলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
অলি উল্লাহ বলেন, “থানা থেকে এত কাছের এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটবে, তা কখনো ভাবিনি। বিষয়টি পুলিশকে জানিয়েছি।”
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, বাজার এলাকায় রাতের পুলিশি টহল আরও জোরদার করতে হবে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি।”
স্থানীয়দের আশা, দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।


