চাঁদপুরে তিন বেকারি মালিককে এক লাখ টাকা জরিমানা

স্টাফ রির্পোটার:

চাঁদপুর সদর উপজেলার সাহেবানির মোড় ও হকার্স মার্কেট এলাকায় বিভিন্ন বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অনুমোদনহীন ফুড কালার, এসেন্স ও ক্রিম ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন মোড়কজাত খাদ্যপণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে তিন দোকান মালিককে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসন, চাঁদপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন বেকারি প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুমোদনবিহীন খাদ্য উপাদান ব্যবহার, মেয়াদবিহীন মোড়কজাত খাদ্যপণ্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির প্রমাণ পাওয়ায় তিন দোকান মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তাদের কাছ থেকে মোট ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।