স্টাফ রির্পোটার:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ.কে.এম. নুরুল আলমের সভাপতিত্বে এবং মাওলানা আবদুল হান্নান মাস্টারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর দীর্ঘদিনের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এলাকার শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সংবর্ধনার জবাবে আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী আয়োজক কমিটি ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন। একই সঙ্গে তিনি মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আব্বাস উদ্দীন গাজী, তাজুল ইসলাম গাজী, ফারুক খান, রবিউল ইমাম বাবু, মোহন হোসেন মানিক, সবুজ পাটওয়ারী, নুর হোসেন গাজী এবং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিদারুল আলম হাসান গাজী।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


