চাঁদপুরে নিম্নচাপের প্রভাব, বৃষ্টিতে কমেছে তাপমাত্রা

স্টাফ রিপোর্টার :

মৌসুমি নিম্নচাপের প্রভাবে চাঁদপুরে শনিবার (৫ জুলাই) দিনভর থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বৃষ্টির কারণে জনজীবনে কিছুটা স্থবিরতা দেখা দিলেও টানা গরমের পর স্বস্তি ফিরেছে। স্বাভাবিক সময়ের তুলনায় দিনের তাপমাত্রাও কিছুটা কম ছিল।

সকালের পর থেকে জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। অনেকেই ছাতা ও রেইনকোট ব্যবহার করে জরুরি কাজে বাইরে বের হন। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের চলাচলও ছিল তুলনামূলক কম।

চাঁদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা সোয়াইব হোসাইন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবেই এ বৃষ্টিপাত হচ্ছে। তিনি বলেন, “আগামীকালও চাঁদপুরে বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি থেমে থেমে বৃষ্টি হতে পারে।” দেশের বিভিন্ন অঞ্চলেও নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পাশাপাশি আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দিয়েছেন।