শাহরাস্তিতে পুলিশের পৃথক অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত পৃথক অভিযানে মাদক, নিয়মিত মামলা ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্তসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে শাহরাস্তি থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (৭ জুলাই) আটককৃত ১০ জনকে আদালতে পাঠানো হয়েছে।

শাহরাস্তি থানা পুলিশ জানায়, মাদক কারবার, অপরাধমূলক কর্মকাণ্ড এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।