অবৈধভাবে মাটি কাটায় দুইজনকে ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুমোদন ছাড়া কৃষিজমির মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার মুন্সিরকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

অভিযান চলাকালে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে গাজিরগাছখোলা গ্রামের হাফেজ আলী পাঠানের ছেলে ইব্রাহিম পাঠান এবং ড্রেজার মালিক সাইফুল ইসলামকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না—এ মর্মে তাদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, পুকুর খননের আড়ালে কৃষিজমির মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগের সত্যতা পাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে পরিবেশ ও কৃষিজমি সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।