ড্যাফোডিল কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান আকাশ। তিনি বলেন, মাদকমুক্ত, সুস্থ ও সচেতন তরুণ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি চরিত্র গঠনে নিয়মিত ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ শুধু পাঠদানেই নয়, খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ। তারা এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

দিনের আকর্ষণীয় ফাইনাল ম্যাচে মানবিক বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। একতরফা খেলায় মানবিক বিভাগ ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

সমাপনী বক্তব্যে সভাপতি মো. নূর খান সফল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিদের ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও কলেজে সহশিক্ষা কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।