১৫ অসহায় নারী পেলেন সেলাই মেশিন

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া (উত্তর) ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত ১৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে সামাজিক সংগঠন ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ। সংগঠনটির উদ্যোগে এবং সমাজসেবক মো. রুবেল পাটওয়ারীর অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়।

শনিবার (১১ জুলাই) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের সভাপতি শাহাবুদ্দিন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম মিজি, সংগঠনের সহ-সভাপতি ও সমাজসেবক মো. রুবেল পাটওয়ারী এবং সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাজু আহাম্মেদ পাটওয়ারী, কোষাধ্যক্ষ ইয়াছিন গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাবুদ্দিন পাটওয়ারীসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কর্মমুখী সহায়তার বিকল্প নেই। সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগী নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

তারা আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।