হাইমচরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, আটক ২

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের হাইমচর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকসহ একই পরিবারের চার সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তারা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— সাংবাদিক শরীফ হোসেন (৩৫), তার মা ফাতেমা বেগম (৭০), ভাবি নাজমা আক্তার (৪০) এবং বোন নাহার আক্তার (৪০)।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে বিরোধপূর্ণ একটি সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ ওই জমিতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করলে শরীফ হোসেন ও তার পরিবারের সদস্যরা বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হাইমচর উত্তর আলগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ফরিদ ভূঁইয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল এ হামলায় অংশ নেয়। হামলায় সাংবাদিক শরীফ হোসেনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে। তার মা ফাতেমা বেগমের মাথায় ছয়টি এবং ভাবি নাজমা আক্তারের কপালে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া বোন নাহার আক্তারও গুরুতর আহত হয়েছেন।

আহতদের প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শরীফ হোসেনসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ফরিদ ভূঁইয়া ও নাছির নামে দুইজনকে আটক করে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে এবং পলাতক অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।