সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব–শেখ ফরিদ আহমেদ মানিক

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুর শহরের বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আষাঢ়ের রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেছেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তিনি পর্যায়ক্রমে শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থিত শ্রী শ্রী মহাপ্রভু নীলাচল মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), নতুন বাজার শ্রী শ্রী গোপাল জিউর আখড়া এবং পুরাণ বাজার হরিসভা জগন্নাথ মন্দিরে আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে একসঙ্গে বসবাস করে আসছে। আমাদের এই ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনাই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, মানবিকতা ও সামাজিক বন্ধনের প্রতীক। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। চাঁদপুরে সবসময় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে-এটাই আমাদের অঙ্গীকার।

তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিভেদ নয়, সম্প্রীতির বন্ধনই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।তিনি সনাতনী ভক্তদের কাছে প্রধান মন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদে সভাপতি পরেশ মালাকার। জগন্নাথ মন্দিরে রথ যাত্রার উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ডি. এম. শাহাজাহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ,বাংলাদেশ হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি রতন দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত রায় চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।