চাঁদপুর সদরে ১২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ফেরদৌস হোসেন ও এসআই (নিঃ) মো. নাদির শাহের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাপানিয়া এলাকার চানখার দোকানের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন— মো. হৃদয় মোল্লা (২৫), উত্তর শ্রীরামদি নিশি রোড, পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং মো. রবিউল ইসলাম রাব্বি (২৪), দক্ষিণ আশিকাটি গাজী বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, তল্লাশিকালে হৃদয় মোল্লার কাছ থেকে ৭ পিস এবং রবিউল ইসলাম রাব্বির কাছ থেকে ৫ পিসসহ মোট ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ধৃত দুই আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।