হাইমচরে স্বর্ণের দোকানে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারের আলিফ গোল্ড মার্কেট থেকে বিজয় কুমার ঘোষ (৪৫) নামে এক স্বর্ণের দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাইমচর থানা পুলিশ। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে আলগী বাজারের আলিফ গোল্ড মার্কেটে অবস্থিত ‘মাতৃ শিল্পালয়’ স্বর্ণের দোকানের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা। পরে তারা হাইমচর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহত বিজয় কুমার ঘোষ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাতৃ শিল্পালয় স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি দোকানের মালিক মধু ঘোষের ভগ্নীপতি বলে জানা গেছে।

খবর পেয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। তবে মার্কেটে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলোর বেশ কয়েকটি অকার্যকর থাকায় তদন্তে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, মার্কেটে সিসিটিভি ক্যামেরা থাকলেও দীর্ঘদিন ধরে অনেকগুলো অকার্যকর অবস্থায় রয়েছে। এতে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এবং অপরাধ তদন্তেও জটিলতা সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

হাইমচর থানার ওসি নাজমুল হাসান বলেন, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজন ও স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।